লক্ষ্মীপুর প্রতিনিধি : কমলনগরে মাদরাসা ছাত্রীকে ইভটিজিং করার দায়ে মো. কাওসার (২০) নামে এক যুবকের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ রায় দেন। ইভটিজার কাওসার ভবানীগঞ্জ ইউনিয়নের আলম বেপারীর ছেলে।
মাদরাসার ছাত্রী ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী শাহানাজ আক্তার (১৩) বাড়ি থেকে সিএনজিযোগে মাদরাসায় যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির অপর যাত্রী কাওসার তাকে ইভটিজিং করে। এ সময় ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা ইভটিজারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাজির করে। শাহানাজ আক্তার উপজেলার চর পাগলা গ্রামের আলী আহমদের মেয়ে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

