নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর মিরপুর-১২ ব্লক-ই এর পাঁচতলা ভবনের সিঁড়ির নিচে রাখা একটি মোটরসাইকেল বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে।
শুক্রবার রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আমেনা বেগম (৪৭), মেয়ে হৃদিতা (১৬), বোনের মেয়ে রাইনা (২০), আমেনার ছেলের বউ স্বপ্না (২০) এবং ভাইয়ের বউ শামীমা (৩০)।
জানা গেছে, পাঁচতলার ওই ভবনটির নিচতলার সিঁড়ির নিচে একটি মোটরসাইকেল রাখা ছিল। মোটরসাইকেলটিতে হঠাৎ আগুন ধরে যাওয়ার পর ঘটনাটি দেখতে আমেনাসহ তার পরিবারের পাঁচ সদস্য সিঁড়ি দিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়। এতে তারা পাঁচজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে মা আমেনা ও মেয়ে হৃদিতার অবস্থা আশঙ্কাজনক।

