কক্সবাজার প্রতিনিধি : বিভিন্ন সময় উদ্ধার করা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল এমএম আনিসুর রহমানের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়।
টেকনাফ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবি সদস্যরা ২০১৫ সালের ২৬ আগস্ট থেকে ২০১৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে। এর মধ্যে ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ১০ হাজারের বেশি ইয়াবা, মিয়ানমারের বিভিন্ন প্রকার মদের বোতল, ফেনসিডিল ও গাঁজা।
এ সময় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবাল, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ শুল্ক গুদামের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী, টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

