নড়াইল প্রতিনিধি : জেলার নছিমন যাত্রীদের কাছ থেকে চাঁদা না পেয়ে হামলা চালিয়ে নারীসহ ৫ জনকে আহত করেছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুরে সদর উপজেলার সরসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন- সুবলা রাণী (৬৫), উন্নতি রাণী (৪৫), মনি মোহন (৫০), বিমলা বিশ্বাস (৪০), সজিব বিশ্বাস (৩০)।
আহতরা জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার মানিকদাহ ও আন্দলবাড়িয়া গ্রামের লোকজন নছিমনযোগে নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুর গ্রামের জগন্নাথ গোসায়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে সরসপুর এলাকায় তারা পৌঁছালে স্থানীয় মিলন ও ইসমাইলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ওই নছিমন থেকে চাঁদা দাবি করেন। যাত্রীরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পাঁচজন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাষ চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

