কক্সবাজার প্রতিনিধি : জেলার চকরিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধ-শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জি এম মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বেশি কাঁচা বাজারের দোকান রয়েছে। এছাড়া মোবাইল ও বিভিন্ন পণ্যের দোকানসহ আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে ২০টি দোকান।
তিনি আরো জানান, চলাচলের রাস্তা সরু হওয়ায় অগ্নি-নির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

