নাটোর প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার শেখপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিক, শামসুল, সোবাহান, শাজাহান, কামরুল, আনু বেগম, সুরজাহান বেগমসহ আট জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলডাঙ্গা উপজেলার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও আবেদ আলীর মধ্যে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে আবেদ আলীর নেতৃত্বে বেশ কয়েকজন ওই জমিতে বাঁশ কাটতে গেলে আবু বক্কর সিদ্দিকের লোকজন বাধা দেয়। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

