গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে ৫টি তুলার গুদামসহ কয়েকটি বস্তি ঘর পুড়ে গেছে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী, জয়দেবপুর এবং উত্তরার ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, গত রাতে মেইল গেট এলাকার কো-অপারেটিভ মার্কেটের পশ্চিম পাশের বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বস্তির কয়েকটি ঘরসহ পাশের পাঁচটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর এবং উত্তরার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের ঝুট এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।

