লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগরে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল মান্নান (১০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে চারঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় আনন্দ বাজার দারুল ফালাহ কাউমী মাদরাসার প্রথম জামায়াতের ছাত্র।
আনন্দ বাজার দারুল ফালাহ কাউমী মাদরাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, মান্নান সাইকেল নিয়ে বাড়ি থেকে হাজিরহাট বাজারে যাচ্ছিল। পথে মাইশা পরিবহনের (ঢাকা-জ-১৪-০১২৭) দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকেই স্থানীয়রা ঘাতক বাসচালককে গ্রেপ্তারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে প্রায় চারঘণ্টা রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। এতে ওই রুটে যাত্রীবাহী বাস, লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

