ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনায় দু’দলের সংঘর্ষে আহত মো. মালেক মিয়ার (৭০) মৃত্যু হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার রাজাপুরে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। নিহত মালেক মিয়া ওই গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৬ জানুয়ারি বাড়ির পাশে পুকুরে মালেক মিয়ার পুত্রবধূ রিনা বেগম কচুরিপানা কাটতে গেলে পার্শ্ববর্তী দানা মিয়া ও তার লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দানা মিয়া তার লোকজন মালেক মিয়া ও তার পুত্রবধূর ওপর হামলা করলে তারা আহত হন। গুরুতর অবস্থায় মালেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনার ২০ দিন পর আজ নিজ বাড়িতে মৃত্য হয় মালেক মিয়ার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে হাসান আলী বাদী হয়ে দানা মিয়াসহ ৯ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

