ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নাওড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের তাহের মিয়া ও সিদ্দিক মিয়ার পরিবার পূর্ব বিরোধের জের ধেরে সকালে দুইপক্ষের দুই নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সিদ্দিক পক্ষের আব্দুল মতিন, হাতিম, মোতালেব, রফিক ও হাবিব এবং তাহের মিয়ার পক্ষের তাহের মিয়া, তারা মিয়া, বুলু মিয়া, রতন মিয়া ও কুদ্দুছ ওরফে হাটকালা আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন জানান, দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

