নিজস্ব প্রতিবেদক : বাংলাফোনে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সেবা গ্রহণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযেগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কারণ কোম্পানিটির বাংলাফোনের কোনো ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স নেই। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাফোনের লাইসেন্সের মেয়াদ গত বছরের ২২ এপ্রিল শেষ হয়। এরপর আর নবায়ন করা হয়নি। এনটিটিএন লাইসেন্স সংশ্লিষ্ট গাইডলাইনের বিধান অনুযায়ী, অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন এবং এ সংক্রান্ত সেবা শুধুমাত্র কমিশন থেকে ইস্যুকৃত এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত অপারেটররা প্রদান করতে পারে। কমিশন ইতোমধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ টেলিকমিউনকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বাংলাদেশ রেলওয়ে, ফাইবার অ্যাট হোম লিমিটেড এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের অনুকূলে এনটিটিএন লাইসেন্স ইস্যু করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখনো অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে বাংলাফোন থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবা গ্রহণ করছে। যা আইন অনুসারে দণ্ডনীয়।
তাই বাংলাফোনের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা গ্রহণকারী সব প্রতিষ্ঠানকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এবং অন্যান্য সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় অবৈধভাবে এনটিটিএন সেবা প্রদানকারী এবং এ প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিদান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

