নারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ফতুল্লা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোকলেছুর রহমান (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী দুটি গাড়ি ভাঙচুর করলে প্রায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ফতুল্লার চাঁনমারী এলাকার ঢাকা নারায়ণগঞ্জ লিং রুটে এ ঘটনা ঘটে। নিহত মোকলেছুর রজমান চাঁনমারী এলাকার আব্দুল হামিদের ছেলে।
এলাকাবাসী জানান, সকালে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী উৎসব পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-১৫৯৮) ও বন্ধু পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৪৭৫৮) দুটি বাস ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী বন্ধু পরিবহনের বিকাশ নামে এক হেলপারকে মারধর করে। পরে ফতুল্লা থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

