নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গার তেলঘাট এলাকায় নদীর উত্তরপাশ থেকে দক্ষিণ পাশে নদী পারাপারের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা এইচ এম নিরাকে (৪০) কুপিয়ে ৩৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার শ্যালক বাদশা মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
আহত নিরা এখন ঢামেকের জরুরি বিভাগে ভর্তি আছেন। তার বাম পা ও বাম হাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
নিরা জানান, দুদিন আগে তিনি বরিশাল গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। মঙ্গলবার সকালে সদরঘাট এলাকায় নামেন এবং নৌকায় করে ওপারের দক্ষিণ কেরানিগঞ্জে যাচ্ছিলেন। হঠাৎ অন্য এক নৌকা থেকে চার জন এসে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। পরে তারা পালিয়ে যায়।
নিরার শ্যালক বাদশা মিয়া জানান, নিরা ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। দক্ষিণ কেরানিগঞ্জে ‘গ্রেট অন শার্ট’ নামে নিরার একটি পোশাক কারখানাও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।

