গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মাসুদ (১৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার ধনুয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে যাচ্ছিল ওই ছাত্রী। পরে মাসুদ ও তার সহযোগী একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় ঘরে বসতে দিয়ে উজ্জ্বল বাহিরে চলে যায় এবং মাসুদ ঘরের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানালে তার বড় ভাই রাত ১২টার দিকে শ্রীপুর থানায় অভিযোগ করে। পরে পুলিশ ভোর ৫টার দিকে মাসুদকে আটক করে। এ ঘটনায় সোমবার ভোরে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

