রাজশাহী প্রতিনিধি : প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোর পৌরসভার মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। হাইকোর্টের বেধে দেয়া সময়ে রোববার সকাল ১০টা ৫ মিনিটে তানোর পৌর মেয়র হিসেবে তাকে শপথ পড়ানো হয়।
বিভাগীয় কমিশনার অফিসে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথ বাক্য পাঠ শেষে পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, শনিবার সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছায়। রোববার সকালে তাকে প্যারোলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তানোর পৌসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ শেষে ১০টা ২৫ মিনিটে কারাগারে নিয়ে আসা হয়।
এর আগে ২০ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে মেয়র হিসেবে শপথ নিতে আসার সময় রাজশাহী নগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গত ৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটিং করে জামায়াত শিবির কর্মীরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার দেখিয়ে ২১ জানুয়ারি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

