পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আশ্রয়ন-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ’ এর আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের হোসেন্দি নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন পেলেন ঘর।
সরকার প্রদত্ত আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে তাকে তার নিজ জমিতে সরকারি অর্থায়নে গৃহ নির্মাণ করে দেয়া হয়। নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ঘরের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মানছুরুল হক বাবুল, হোসেন্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্সসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন এমপি বলেন, ‘শেখ হাসিনার সরকার সবসময় মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই দেশ ও জাতি এগিয়ে যায়।’ তাই উন্নয়নের স্বার্থে সকলকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।
সরকারি অনুদানে গৃহ পাওয়ায় বীরমুক্তিযোদ্ধা বাহার উদ্দিনের অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, ঘর পেয়ে তিনি অত্যন্ত খুশি। সরকারকে তিনি ধন্যবাদ জানান।

