বরিশাল প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মো. সোহেল রানা (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে শুক্রবার বেলা আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনরা।
আহত সোহেল রানা উপজেলার মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের আমতলী এলাকার নুরু মাস্টারের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়েছিলেন।
হামলার শিকার সোহেল রানার ভাই সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টায় মোল্লারহাট বাজারের চৌমাথার একটি হোটেলে সোহেল রানা বসে থাকা অবস্থায় তার প্রতিপক্ষ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মাহবুবুর রহামানের দুই ছেলে মারুফ এবং মাজেদুলসহ ৮-১০ জন হামালা চালায়। এক পর্যায়ে সেখান থেকে তাকে টেনে বের করে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারী।
তিনি জানান, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে দুপুর ২টার দিকে তিনি নিজে ওই নেতার খোঁজখবর নিতে বরিশাল শেবাচিমে ছুটে গিয়েছিলেন। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা সোহেল রানা এবং মেম্বর মাহবুবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

