বরিশাল প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলায় ছাত্রীকে ইভটিজিং করার দায়ে সজল বেপারী (২২) নামে এক বখাটে যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তামিজ উর রহমান এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সজল উপজেলার কাজীরহাটের মধ্যরতনপুর গ্রামের আ. মান্নান বেপারীর ছেলে।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার জানান, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থী ( এএসসি পরীক্ষার্থী) বাড়ি ফেরার পথে সজল তাকে ইভটিজিং করে। এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে বিষয়টি পুলিশের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ওই যুবককে উপজেলা সদরে নিয়ে যেতে বলেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজিমউর রহমানের ভ্রাম্যমাণ আদালত বখাটে সজল বেপারীকে ৪ মাসের দণ্ড দেন।
রায়ের পরপরই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

