চুয়াডাঙ্গা প্রতিনিধি : কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত কয়েকদিনের টানা মাঝারি শৈত্যপ্রবাহে এখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে।
মঙ্গলবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস (শ্রীমঙ্গলের সাথে যৌথভাবে)। এ নিয়ে গত ৬ দিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।
শহরতলি ও গ্রামের মানুষ প্রয়োজন ছাড়া কেউই সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেনা। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষেরা। সরকারিভাবে জেলার দুস্থদের মধ্যে যে সংখ্যক কম্বল বিতরণ করা হয়েছে তা চাহিদার তুলনায় একেবারেই কম। শীতজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বহু সংখ্যক রোগি। এর মধ্যে বেশিরভাগই শিশু ও নবজাতক।
এদিকে ঠাণ্ডার কারণে এখানকার জনজীবন স্থবির হয়ে পড়লেও সুখবর রয়েছে গম ও ভুট্টা চাষীদের জন্য। স্থানীয় কৃষি অফিসের মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গম ও ভুট্টার বাম্পার ফলন হবে। এছাড়া বোরো ধান রোপন শেষ পর্যায়ে হওয়ায় ক্ষতির সম্ভাবনা তেমন নেই। তবে বিপাকে আছেন পানচাষীরা। কুয়াশার কারণে বরজে ঝরে পড়ছে অপুষ্ট পান।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান বেশি হওয়ায় অতিরিক্ত শীত অনুভূত হচ্ছে।

