কুষ্টিয়া প্রতিনিধি : জেলার ভেড়ামারায় ক্ষমতাসীন দুই দল আওয়ামী লীগ ও জাসদের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামী লীগ ও জাসদের দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় জাসদ নেতা শামীম হোসেন ও আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ক্ষমতাসীন দুই দল আওয়ামী লীগ ও জাসদের মধ্যে। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল জাসদ নেতা শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে জাসদ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

