লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলা শহরের মধ্য আবিরনগর এলাকায় মাত্র ৫০ টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে বিউবোর নিরাপত্তা প্রহরী কাশেমের বিরুদ্ধে।
৫০ টাকা দেন বিদ্যুৎ পাবেন। এমনই আশ্বাসের প্রেক্ষিতে প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে ৫০ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ওই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে মধ্য আবির নগর এলাকাবাসীর সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, পৌর শহরের আবিরনগর ও সমসেরাবাদ এলাকার প্রায় শতাধিক পরিবার বিদ্যুতের আলো থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছে। এ সুযোগে কাশেম ওই দু’এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে ৫০ টাকা করে হাতিয়ে নেয়। তাছাড়াও কাশেম প্রতিটি ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ দিবে বলে মিটার বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নেন। এদিকে কাশেম শুক্রবার আবিরনগর এলাকায় মীরবাড়ী, ছৈয়াল বাড়ী, খোকন হুজুরের বাড়ী ও নোয়াবাড়ীতে ঢুকে বিদ্যুৎবিহীন জনবল স্থাপন শুমারি তালিকা নিয়ে প্রতিটি ঘরে থেকে ৫০ টাকা করে হাতিয়ে নেয়।
বিদ্যুৎতের আলো থেকে বঞ্চিত সোহেল নামে এক যুবক জানান, শুক্রবার দুপুরে কাশেম নামে এক লোক এসে আমাদের জানান সরকার বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছাবে এজন্য নাম দিতে হলে ৫০ টাকা দিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর তিনি প্রতিটি ঘরে গিয়ে ফরম বাবদ ৫০ টাকা করে হাতিয়ে নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নিরাপত্তা প্রহরী কাশেমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, যেসব ঘর থেকে ৫০ টাকা হারে নেয়া হয়েছে তা বিদুৎ অফিসের খরচা বাবদ নেয়া হয়েছে। মিটার প্রসঙ্গে কথা হলে তিনি বলেন, ‘৬ হাজার টাকা অফিস খরচ দিতে হয়।’
এ ব্যাপারে লক্ষ্মীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) নির্বাহী প্রকৌশলী শেখ মুহাম্মদ দিদার হোসেন ভূঁইয়া জানান, তিনি অফিসের বাহিরে রয়েছেন। এ বিষয়ে তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

