গাজীপুর প্রতিনিধি : জেলার কাপাসিয়ার সম্মানিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে হত্যার দায়ে দু’জনকে ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা বেগম ও তার ছেলে মোস্তফা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রহমত আলী ও তার মেয়ে রাহিমা বেগম। বর্তমানে রাহিমা বেগম পলাতক আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ নভেম্বর দুপুর ২টায় কাপাসিয়া উপজেলার সম্মানিয়া এলাকার বাসিন্দা সুরুজ মিয়া মেহগনি বাগানে কাজ করছিলেন। এসময় অভিযুক্ত রহমত আলী তাকে কাজে বাধা দেয়। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত আলী এবং তার ছেলে মোস্তফা ধারালো দা দিয়ে সুরুজকে আঘাত করে। এতে তিনি পড়ে গেলে রহমত আলীর স্ত্রী আনোয়ারা বেগম সাবল দিয়ে সুরুজকে ফের আঘাত করে। এতে ঘটনাস্থলে সুরুজ মিয়া মারা যান।
ঘটনাস্থলে মেয়ে, স্ত্রী হনুফা ও প্রতিবেশীরা উপস্থিত হলে পুনরায় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। এ সময় অভিযুক্তরা হনুফাকে দা, শাবল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার একদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহত সুরুজের ভাই মো. শাহজাহান বাদী হয়ে ওই বছরের ১৪ নভেম্বর কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আদালতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।’
মামলায় ন্যায় বিচার পাননি অভিযোগ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবী।

