কক্সবাজার প্রতিনিধি : জেলার রামুতে মুক্তিপণ না দেয়ায় সহোদর দুই শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করেছে। ক্ষুব্দ জনতা অপহরণকারী চক্রের সদস্যদের ৩টি বাড়ি পুড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ-জনতার যৌথ উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীরা এ দুই শিশুকে হত্যা করে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার দুই সহোদর হলো রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ফোরকানের বড় ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)।
নিহত মোহাম্মদ হাসান পলাশ বাইশারী শাহ নুরুদ্দিন মাদরাসার তৃতীয় শ্রেণির এবং মোহাম্মদ হোছাইন কাজল বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৭ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণকারী চক্র তাদের অপহরণ করে। পরে অপহরণকারীরা তাদের অভিভাবককে মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের পর থেকে দুদিন পুলিশ ও স্থানীয় জনতা রামুর বড়বিল, থিমছড়ি, বাইশারী, ঈদগড়সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

