চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারী থানার আমানবাজারে জঙ্গি আস্তানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্পৃক্ত গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দেন। এর আগে জেলা পুলিশ হাটহাজারী থানায় দায়ের ও সন্ত্রাস দমন আইনের দুই মামলায় তাদের ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মশিউর রহমান। তিনি বলেন, ‘অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড দেয়। তবে মামলার আইও একজন হওয়ায় আদালত দুই মামলার রিমান্ড একসাথে শুরুর আদেশ দিয়েছে। ফলে মূলত তাদেরকে আমরা দুই দিনের রিমান্ডেই পেয়েছি।’
এরআগে তাদের বিস্ফোরক মামলায় প্রত্যেককে চার দিনের রিমান্ডে নিয়েছিল িহাটহাজারী থানা পুলিশ।
আসামিরা হলেন, নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)। এর মধ্যে নয়ন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব সাঞ্জুয়া ভিটা এলাকার মাজহারুল ইসলামের ছেলে। রাসেল কক্সবাজার জেলার মহেশখালী থানার চেয়ারম্যান বাড়ির নুরুল আমীনের ছেলে। ফয়সাল নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মোহাম্মদপুরের মৃত ছায়দুল হকের ছেলে। তাদের প্রত্যেককের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্তার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের মার্ষ্টাসের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর রাতে হাটহাজারী থানার আমানবাজারে জঙ্গি আস্তানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্পৃক্ত গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)বিভাগীয় কমান্ডার ফারদিনের আস্তানার সন্ধান পায় নগর গোয়েন্দা পুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করা হয়। এরআগে নগরীর বিভিন্ন স্থা্ন থেকে এই তিন সদস্যকে আটক করে ডিবি।

