কক্সবাজার প্রতিনিধি : জেলার রামুতে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো ৩ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ির কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুফিজুর রহমান (৬০) কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালের কর্মচারী।
আহত হয়েছেন মাহেন্দ্রের চালক উখিয়ার কোটবাজার এলাকার ওমর মিয়ার ছেলে বাদশা মিয়া (২৪)। তবে আহত অপর ২ জনের নাম জানা যায়নি।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ওই এলাকায় ট্রাকের সাথে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এছাড়া আহত হন আরো ৩ জন। আহতদের মধ্যে মাহেন্দ্রের চালককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হতাহত সকলেই মাহেন্দ্রের যাত্রী ছিলেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

