মেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কৃষক চান্দ আলী হত্যা মামলার প্রধান আসামি শ্যামল হোসেন (৩২) ও তার মা আসমানী খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
নিহত চান্দ আলী হাড়াভাঙ্গা গ্রামের হোসেন সরকারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ৫ জানুয়ারি প্রতিবেশী শ্যামল ও তার মায়ের হামলায় চান্দ আলী গুরুতর আহত হন। ৭ জানুয়ারি রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর একদিন পর তার স্ত্রী বাদী হয়ে শ্যামলকে প্রধান আসামি করে তার মাসহ কয়েকজনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকায় আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি কয়েকজন কনস্টেবল সঙ্গে নিয়ে গতরাতে ঢাকায় পৌঁছান। সকালে সেগুন বাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিকেলে গাংনী থানায় তাদের জিজ্ঞাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

