যশোর প্রতিনিধি : পূর্বশত্রুতার জের ধরে যশোরে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নিকুঞ্জ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
সাব্বির হোসেন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সালাউদ্দিন আহম্মেদের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানায়, দুপুরের দিকে সাব্বির বাড়ি থেকে শহরের দড়াটানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই ভবনের সামনে পৌঁছালে সাকিব নামে এক যুবক তাকে গুলি করে। এসময় হামলাকারীর সাথে রাকিব, রাশেদ, শামিম ও ফয়সাল নামের যুবকরা ঘটনাস্থলে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এই গুলি করা হয়েছে বলে আহত সাব্বির জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী জানান, নিজেদের মধ্যে গোলযোগের জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে। আহতের কাছ থেকে হামলাকারীর নাম-পরিচয় সংগ্রহ করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
তবে সাব্বিরের কয়েক জন বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আহত সাব্বির ও হামলাকারীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি একটি প্যানা সাইন বোর্ড ও একটি অফিসের চেয়ার টেবিল ভাঙচুর নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এ ঘটনার জের ধরে গুলি করার ঘটনা ঘটেছে।

