নিজস্ব প্রতিবেদক : বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন দেশের ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেন্ডিং শিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ প্রদান করেন। প্রায় ঘন্টা ব্যাপী ভিডিও কনফারেন্সে বাপবিবো চেয়ারম্যান বলেন, আবাসিক গ্রাহকদের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে।
তিনি বলেন, যে সব শিল্প প্রতিষ্ঠানের আবেদন এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে তাদেরকে দ্রুতগতিতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। দেশে এখন বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। তিনি বলেন, সরকারের ঘোষণানুযায়ী আগামীতে গ্যাস সংযোগ দেয়া হবে না। এ জন্য প্রয়োজন হবে বিদ্যুৎ। আর এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তিনি আরো বলেন, দ্রুত শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। এতে বেকারত্ব কমে আসবে।
বাপবিবো চেয়ারম্যান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ২০১৬ সালের জুন মাসের মধ্যে সকল শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে শিল্প প্রতিষ্ঠানে সংযাগ দিতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, যে সকল পবিস নির্ধারিত সময়ের পূর্বে পেন্ডিং শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদানে সক্ষম হবে এবং সিস্টেম লস হ্রাসসহ ভোল্টেজ ড্রপ নিরসনে ক্যাপাসিটর স্থাপনের পাশাপাশি বকেয়া আদায় উন্নীত করবে তাদেরকে প্রণোদনামূলক ব্যবস্থাপনার আওতায় পদোন্নতি, বিদেশ প্রশিক্ষণ, আর্থিক ও প্রশাসনিক স্বীকৃতি ইত্যাদি প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।
বাপবিবো চেয়ারম্যান আরো বলেন, দ্রুত উন্নয়নের স্বার্থে সরকার বাংলাদেশকে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চলে ভাগ করেছেন। আর এই অঞ্চলগুলোতে বিদ্যুৎ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ বিষয়টি মাথায় রেখে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তিনি আরো বলেন, কারিগরীভাবে সকল পবিসকে দ্রুত সক্ষমতা অর্জন করতে করতে হবে এবং সরকারের নির্দেশনানুযায়ী দ্রুত গতিতে নিরবচ্ছিন্নভাবে সকল গ্রাহকদের নিকট বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে সিস্টেম আপগ্রেডেশন কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন- পিডিবি ও পিজিসিবি’র সহায়তা নেয়া হবে। উপজেলা ভিত্তিক শতভাগ গ্রামকে বিদ্যুতায়িত করা হবে। ইতোমধ্যে টুঙ্গীপাড়া উপজেলার শতভাগ এলাকা বিদ্যুতায়নসহ অধিকাংশ উপজেলা বিদ্যুতায়িত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় সকল ছিটমহল এখন বিদ্যুতায়িত। এ সময় তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কলসিন্দুর গ্রামসহ ৬টি গ্রামে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা উল্লেখ করেন। বাপবিবো চেয়ারম্যান বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আগামীতে প্রতিমাসে ৫ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দিবে। সে সক্ষমতা বাপবিবো অর্জন করেছে।
মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, বাপবিবো ও পবিস সিস্টেমকে আপগ্রেডেশন করার পাশাপাশি লোডশেডিং সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে এবং বকেয়া আদায়ের ক্ষেত্রে আরো বেশি লক্ষ্য রাখতে হবে। ঠিকাদার, কনসালটেন্ট কিংবা কোন কর্মকর্তা/কর্মচারি দুর্নীতিগ্রস্থ হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি একাধিক বার সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। ২০১৫-১৬ অর্থ বছরে দেশে ৩০ হাজার কিলোমিটার লাইন নির্মাণের নির্দেশনাকে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি। বাপবিবো চেয়ারম্যান আগামী সেচ মৌসুমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান সে দিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট পবিসকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তা ছাড়া ২০১৬-১৭ অর্থ বছরে দেশে ৩৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণের প্রস্তুতি নেয়ার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেনারেল ম্যানেজার ও সকলের প্রতি আহ্বান জনান।
মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, বাপবিবোর ঐতিহাসিক ও বিশাল এই অর্জন কোন ব্যক্তি বা গোষ্ঠির কারণে বাধাগ্রস্থ হলে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সরকারের এই ধারাবাহিক সাফল্য এবং অগ্রযাত্রা আরও গতিশীল করতে সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ ছাড়া যারা জন দুর্ভোগ বাড়াবে কিংবা সরকারি দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন করবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাপেিবা চেয়ারম্যান দুর্নীতি, তদবীর, দালালী ও স্বেচ্ছাচারীতা বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। ভিডিও কনফারেন্সে বাপবিবোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

