নোয়াখালী প্রতিনিধি : জেলার চৌমুহনীতে ট্রেনে কাটা পড়ে স্বদেশ চন্দ্র মজুমদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত স্বদেশ চন্দ্র মজুমদার লক্ষ্মীপুর সদর উপজেলার চাটখালি এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চৌমুহনী-নোয়াখালী রুটের আউটসিগনাল এলাকায় রেল লাইনের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
অপরদিকে, সকাল ৮টার দিকে সোনাইমুড়ী বাজারে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় ড্রেমো ট্রেন। এতে সিএনজি চালক ও ৩ যাত্রী আহত হন।
চৌমুহনী রেলওয়ে পুলিশের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) আলিম উল্ল্যা জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার।

