নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় সিরাজুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তার লাশ পাওয়া যায়। তার বাসা পল্লবীর মিল্লাত ক্যাম্পের বিপরীতে।
নিহত সিরাজের স্ত্রী বিউটির বরাত দিয়ে পল্লবী থানার ওসি জানিয়েছেন, টয়লেটে যাওয়ার কথা বলে রোববার রাত ৪টার দিকে সিরাজুল ইসলাম বাসা থেকে বের হয়। এরপর অনেকক্ষণ ধরে বাসায় না ফেরায় স্ত্রী বিউটি তাকে খুঁজতে বের হন। খুঁজতে গিয়ে বাসার পেছনে সিরাজের জবাই করা লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
এ ঘটনায় বিউটিসহ আরো দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানায় নেয়া হয়েছে।

