ঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদর উপজেলার বেলেখাল বাজারে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মণ্ডল ওরফে খাজা ছমির হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদর উপজেলার নারায়ণপুর ও রামনগর গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাকৃতরা হলেন- নারায়ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে মিলন মিয়া (২৭) ও রামনগর গ্রামের তাইজেল হোসেনের ছেলে শফিকুল ইসলাম কাজল (২৩)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মণ্ডল ওরফে খাজা ছমির হত্যাকাণ্ডের ঘটনায় মিলন হোসেন ও সফিকুল ইসলাম কাজল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ৮৫ বছর বয়সের হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মণ্ডলকে বেলেখাল বাজারের নিজ চেম্বারে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
এরপর থকে পুলিশ হত্যাকাণ্ডের কারণ হিসাবে ছমির উদ্দিনের ধর্মান্তরিত হওয়া, বিভিন্ন সময়ে বিরোধ ও পুর্ব শত্রুতার ঘটনা সামনে রেখে তদন্ত করে যাচ্ছে।

