
স্পোর্টস ডেস্ক : রোববার অকল্যান্ডের ইডেন পার্কে বয়ে গেছে গাপটিল-মনরোর ব্যাটিং ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে ধরাশায়ী হয়েছে দিনেশ চান্দিমালের দল। ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের (২-০) লজ্জা পেল লঙ্কান শিবির।
টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সফরকারী শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান তিনি। তার সিদ্ধান্ত যেন ভুল ছিল না, তা প্রমাণ করে নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত বোলিং। প্রথমে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়ে কিউই বোলাররা।
সফরকারীদের স্কোরশিটে ৩৯ রান যোগ হতেই তিনটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। একে একে সাজঘরে ফেরেন গুনাথিলাকা (৮), জয়সুরিয়া (৩) ও অধিনায়ক চান্দিমাল (২)। লঙ্কানদের ব্যাটিং দৈন্যতার মাঝেও অবিচল ছিলেন দলটির সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। অভিজ্ঞ ক্রিকেটার তিলকরত্নে দিলশানকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। কিন্তু দিলশানের দৌড় থেমে যায় ২৮ রানে।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের পথেই রাখেন ম্যাথুস। শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৯ বলে ৭টি চার ও চারটি ছক্কায় মূল্যবান এই ইনিংস সাজান তিনি। বাকিরা দুই অঙ্কের গণ্ডি পেরুতে পারেননি। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে ২২ রান খরচায় চার উইকেট দখলে নেন গ্রান্ড এলিয়ট। দুটি করে উইকেট পকেটে পুরেছেন অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৮৯ রান করেন কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল। ২৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৩ রান করে থিসারা পেরেরার শিকার হন গাপটিল।এরপর শুরু হয় কলিন মনরোর ঝড়। মাত্র ১৪ বলেই ফিফটি তুলে নেন তিনি। যুবরাজ সিংয়ের (১২) পর দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন কিউই এই হার্ডহিটার। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মনরো ও উইলিয়ামসন (৩২)। শ্রীলঙ্কার পক্ষে সান্ত্বনামূলক উইকেটটি নেন থিসারা পেরেরা।
তিন ফরম্যাটের সিরিজ খেলতে প্রায় মাসখানেক আগে নিউজিল্যান্ড এসেছিল শ্রীলঙ্কা দল। সব সিরিজেই হারল তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা হোয়াইটওয়াশ (২-০)। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জেতে নিউজিল্যান্ড। এর মধ্যে একটি ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। সর্বশেষ দুই ম্যাচের টি২০ সিরিজেও ধবল ধোলাইয়ের শিকার লঙ্কানরা। বড্ড বাজে একটা সফরই শেষ করল শ্রীলঙ্কা।

