স্পোর্টস ডেস্ক : ২-২-২। স্প্যানিশ লা লিগায় টেবিলের শীর্ষ তিন দলের পয়েন্টের ব্যবধান। তালিকায় সবার উপরে অ্যাটলেটিকো মাদ্রিদ (৪১)। দ্বিতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা (৩৯)। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের ঝুলিতে জমা পড়েছে ৩৭ পয়েন্ট। বার্সার চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে অ্যাটলেটিকো ও রিয়াল। তারা খেলেছে ১৮ ম্যাচ।
এই পয়েন্ট ব্যবধান সামনে রেখে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পতে লুইস এনরিকের বার্সার প্রতিপক্ষ গ্রানাডা। রাত ৯টায় মুখোমুখি হবে দুদল। অপর ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে দিপার্তিভো লা করুনার বিপক্ষে লড়াইয়ে নামবে কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।
লা লিগায় গত তিন ম্যাচে জয়বঞ্চিত রয়েছে বার্সেলোনা। ম্যাচগুলো নিস্পত্তি হয়েছে নিস্প্রাণ ড্রয়ে। লিগের শেষ ম্যাচে তো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এস্পানিওলের জালে বলই জড়াতে পারেননি মেসি-সুয়ারেজ-নেইমাররা। এবার হয়তো সেই ভুলে পা দিতে চাইবেন না। নিজেদের সেরাটা দিয়ে জয়ে ফিরতে চাইবেন তারা।
এই ম্যাচে জয় পেলে বার্সা উঠে যাবে লিগ টেবিলের শীর্ষে। তাই কাতালান বস লুইস এনরিক বেশ সতর্ক। গ্রানাডাকে হাল্কাভাবে নিতে চান না তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করে এনরিক বলেন, ‘গ্রানাডার খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী। তারা কঠোর পরিশ্রমীও বটে। লিগে টিকে থাকতে তাদের পয়েন্টের বেশ প্রয়োজন। এই তাড়না তাদের আরো ভয়ংকর করে তুলবে।’
লিগের খেলায় তিন ম্যাচে জয়বঞ্চিত থাকা বার্সার সামনেও ম্যাচটি বড় চ্যালেঞ্জের। তাই শিষ্যদের কাছে সেরাটাই চাইছেন এনরিক। বলেন, ‘এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কীভাবে পারফর্ম করব। গ্রানাডার বিপক্ষে জয় পেতে হলে খেলোয়াড়দের সেরাটা ঢেলে দিতে হবে।’

