নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের মধ্যে সেশনজট নিরসনে ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম বাস্তাবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য সব পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করে ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করা হয়। সে অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের ক্লাস শুরু, পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষা শুরু ও ফল প্রকাশের সময়সূচি ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয়েছে। সুযোগ না থাকা সত্ত্বেও যতোটুকু সম্ভব; সে অনুযায়ী পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।’
ক্র্যাশ প্রোগ্রামে হেরফের কোনো সুযোগ নেই উল্লেখ করে আরো বলা হয়, ‘ক্র্যাশ প্রোগ্রাম এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে, এতে হেরফের কোনো সুযোগ নেই। ক্র্যাশ প্রোগ্রামের সূচি অনুযায়ী পরীক্ষা ও ফল প্রকাশ না হলে, সেশনজট থেকে উত্তরণ কিছুতেই সম্ভব না।’
শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অনুধাবনের পরামর্শ দিয়ে ঘোষিত ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী যথাসময় সব পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে।

