স্পোর্টস ডেস্ক : রাফায়েল বেনিতেজ দুদিন আগেও ছিলেন এই রাজ্যের রাজা। এখন সব পাল্টে গেছে। স্প্যানিশ কোচকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেয়া হয়েছে ফ্রান্সের জিনেদিন জিদানকে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে কাজ করতে পারাটাকে নিজের জন্য বড় এক সুযোগ বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে ক্লাবটিতে নতুন উত্তরসূরি হিসেবে জিদানের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।
স্প্যানিশ লা লিগা ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে রিয়াল। বছরের প্রথম ম্যাচ ড্র করার পরই বেনিতেজকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় মাদ্রিদের ক্লাবটি। নিয়োগ পাওয়ার সাত মাসের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হল স্প্যানিশ কোচকে।
মূলত বার্সেলোনার বিপক্ষে এল-ক্লাসিকোতে ৪-০ গোলে হারের পর থেকেই রিয়ালের ড্রেসিংরুমে অস্বস্তি বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় বরখাস্তই হয়েছেন এবার। তবে আনুষ্ঠানিক বিবৃতিতে বেনিতেজ জানিয়েছেন, বরখাস্তের ঘটনায় তিনি মর্মাহত নন।
বেনিতেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবার নিয়োগ পেয়েছিলাম। ক্লাবের প্রত্যেক পর্যায়ের সবাইকে শুভ বিদায় জানাই। এমন একটি ক্লাবের দায়িত্ব পাওয়াটা সত্যি ছিল আমার জন্য বিরাট এক প্রাপ্তি। নতুন কোচ জিদানের জন্য শুভ কামনা রইল।’

