আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সুন্নিদের তিনটি মসজিদে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছে দুজন। এই হামলাকে সৌদি আরবে শিয়া নেতার ফাঁসি কার্যকরের জবাব হিসেবে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সামরিক পোশাক পরে একদল লোক হিলা অঞ্চলের দুটি মসজিদে বোমা হামলা চালায়। প্রায় একই সময় হিলার পাশে সিনজারে আল-ফাতেহ মসজিদে বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
এসব হামলায় মসজিদ তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদগুলোর আশাপাশের প্রায় ১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় নিহত হয়েছে কমপক্ষে দুজন।
এই হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) বা তাদের মতো কোনো শয়তানের দল এই হামলা চালিয়েছে। হামলাকারীদের কঠোর জবাব দিতে হুকুম দিয়েছেন তিনি।
এদিকে বাগদাদের ৪০ কিলোমিটার দূরে মসজিদের এক মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, তার নাম মোহাম্মদ আবদাল্লাহ জাব্বুরি।

