আন্তর্জাতিক ডেস্ক : রোববার রাশিয়ার যোগাযোগমন্ত্রী নিকোলাই নিকিফোরোভের ইন্সট্রাগ্রাম এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা তার একাউন্টটি হ্যাক করেছেন তারা নিজেদেরকে তুরস্কের এ্যাকটিভিস্ট গ্রুপের সদস্য বলে উপস্থাপন করেছেন। শুধু তাই নয় তারা যুদ্ধবিমান এবং তুরস্কের পতাকার ছবিও প্রদর্শন করেছেন হ্যাক হওয়া আইডিতে।
নভেম্বরে রাশিয়ার একটি যুদ্ধবিমান তুর্কি-সিরিয়া সীমান্তে ঢুকে পড়ায় সেটিকে গুলি করে বিধ্বস্ত করেছিল তুরস্ক কর্তৃপক্ষ। এরপরেই রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়ে যায়। আর দু’দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। সেসময় রাশিয়া দাবী করেছিল তুরস্ক ইচ্ছাকৃতভাবে তাদের বিমানটি বিধ্বস্ত করেছে।
অপরদিকে তুরস্ক দাবী করেছিল তারা সতর্ক করার পরও রাশিয়ার বিমানটি তাদের আকাশ সীমায় ঢুকে পরেছিল। এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ ছিল তাই তারা গুলি করতে বাধ্য হয়েছিল। তবে তারা জানত না যে এটি রাশিয়ার বিমান। ওই ঘটনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেছন থেকে ছুড়িকাঘাতের সঙ্গে তুলনা করেছিলেন।
‘দ্য বোরটেসিন সাইবার টিম’ হ্যাকাররা মন্ত্রীর এ্যাকাউন্টটি হ্যাক করেছে। ওই এ্যাকাউন্টটি হ্যাক করার পর এ্যাকাউন্টটিতে তুরস্কের পতাকা, আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ক এবং একটি যুদ্ধ বিমানের ছবি দেওয়া হয়েছে। পরে ওই এ্যাকাউন্টের স্ক্রিন শট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো পথই খোলা নেই।

