আন্তর্জাতিক ডেস্ক : বিল ক্লিনটন সোমবার তার স্ত্রী হিলারির হয়ে প্রচারণায় নামবেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ফার্স্ট লেডির জন্য ক্লিনটন এই প্রচার অভিযানে নামবেন বলে জানা গেছে।
ডেমোক্রেটিক দলের প্রার্থী স্ত্রী হিলারির সমর্থনে সাবেক এই প্রেসিডেন্ট নিউ হ্যাম্পশায়ারে সফর করবেন। বিল ক্লিনটন নাশুয়া শহরের কমিউনিটি কলেজে হিলারির সমর্থকদের একটি র্যালিতে অংশ নেবেন। এছাড়া তিনি সোমবার এক্সিটার শহরে আরো একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।
অপরদিকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের দল রিপাবলিকানের প্রার্থীদের এবং হিলারি ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সমালোচনা করে দেশব্যাপি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন।
গত মাসে তিনি নারীদের নিয়ে বিল ক্লিনটনের ‘ভয়াবহ রেকর্ড’ নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন। সেসময় তিনি এক টুইট বার্তায় বলেছিলেন, ‘যদি হিলারি মনে করেন যে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে তার স্বামীর ভয়ঙ্কর রেকর্ডগুলো তিনি সরিয়ে ফেলতে পারবেন এবং নারীদেরকে তিনি কার্ড হিসেবে আমার ওপরও খেলতে পারবেন তাহলে তিনি ভুল করছেন।’
এ বিষয়টিকে আরো উত্তপ্ত পর্যায়ে নিয়ে ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘আমি মনে করি বিল ক্লিনটন নারীদের বিষয় নিয়ে কথা বলা শুরু করায় ভোটাররা দেখতে পাবেন তিনি কত বড় ভণ্ড আর হিলারি কিভাবে ওই নারীদের অপব্যবহার করছেন।’
এই ধণকুবের ব্যবসায়ী বিল ক্লিনটনের বিগত সব সম্পর্কের বিষয়টিকে ২০১৬ সালের প্রচারভিযানের ক্ষেত্রে এক ধরনের নিরপেক্ষ খেলা হিসেবে চিহ্নিত করেছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী তার প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য সপ্তাহে ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করছেন।
ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারিতে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও দক্ষিণ ক্যারোলাইনায় মনোনয়নের প্রাথমিক নির্বাচনের অনুষ্ঠানে তিনি বিশাল পরিসরের বিজ্ঞাপন করবেন।
ধণকুবের ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, প্রচারণার খরচ তিনি নিজেই বহন করছেন এবং এজন্য তিনি কারো দ্বারস্থ হবেন না। তিনি ধারণা দিয়েছিলেন, নিজের প্রচারণার জন্য তিনি খুব সামান্যই ব্যয় করেছেন এবং এখনও পর্যন্ত রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

