আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনে স্বাক্ষর কেরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আইনের বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলেই নারী-শিশু ও প্রতিবন্ধীদের গুলি করার ক্ষমতা রাখে।
রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন, নতুন এই সংশোধিত আইনে ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির জীবন রক্ষায় প্রয়োজনে যে কোরো বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে এফএসবি। এ ছাড়া সংস্থাটি সীমান্ত অঞ্চলে যে কোনো ব্যক্তির আঙুলের ছাপ এবং সন্দেহভাজন হলে তাদের সম্পত্তিতে অভিযান চালাতে পারবে।
সন্ত্রাসমূলক কোনো ঘটনা সংগঠিত হলে ওই এলাকার জননিরাপত্তার স্বার্থে কোনো উদ্ধার অভিযানের সময় প্রয়োজন মনে হলে এফএসবি সরাসরি গুলি ছুড়তে পারবে। এ ছাড়া অপর দিক থেকে প্ররিরোধ আসলে নারী, শিশু ও প্রতিবন্ধীদের লক্ষ্য করেও গুলি ছোড়ার ক্ষমতা রাখে এফএসবি। তবে গর্ভবতী নারীদের বেলায় প্রাণঘাতী নয়, এমন অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
ইকো মস্কভি রেডিওর এক খবরে জানা যায়, সন্ত্রাসবিরোধী এ আইনের জোরালো বিরোধিতা করেছে পুতিনের নিজেরই মানবাধিকার সংগঠন প্রেসিডেনশিয়াল হিউম্যান রাইটস কাউন্সিল। এছাড়া বেসরকারি সাহায্য সংস্থার প্রথানরাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও এ আইনের প্রতিবাদ জানিয়েছে।

