আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জার্মানিতে নিষিদ্ধ হয়ে আছে দেশটির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের আত্মজীবনী ‘মেইন ক্যাম্ফ’ (আমার সংগ্রাম)। সম্ভবত এই বইটির চেয়ে আর কিছুর ওপর এতোটা কঠোর নিষেধাজ্ঞা নেই জার্মানিতে।
তবে এবার সে নিষেধাজ্ঞা ভঙ্গ করলো জার্মানির মিউনিখের ইতিহাসবিদরা। দেশটির বাভারিয়া অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখের ইতিহাস বিষয়ক সংস্থা ‘দ্য ইনস্টিটিউট ফর কন্টেম্পোরারি হিস্ট্রি’ ইতিমধ্যে হিটলারের এই বইটি ছাপার কাজ শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে এটি। বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ ইউরো।
তবে বইয়ের মূল কপিটি প্রকাশিত হবে না। ইনস্টিটিউটটির পক্ষ থেকে জানানো হয়েছে, বইটির মধ্যে নাৎসি বাহিনীর বর্ণবাদী নীতি নিয়ে হিটলারের বিভিন্ন মিথ্যাচার, অর্ধসত্য বক্তব্য এবং মিথ্যা ভাষণের প্রকৃত সত্য উন্মোচন করতে প্রচুর পরিমাণ টিকা সংযোজন করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হিটলারের মেইন ক্যাম্ফের গ্রন্থসত্ত্ব জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের হাতে ছিল। হিটলারের মৃত্যুর ৭০ বছর পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর অঙ্গরাজ্যটির গ্রন্থসত্ত্বের সময়সীমা শেষ হয়ে যায়। আর এ কারণেই বইটি পুনঃপ্রকাশে আর কোনো আইনগন বাধা থাকলো না।
প্রাথমিকভাবে মাইন ক্যাম্ফের ৪ হাজার কপি প্রকাশ করবে ইনস্টিটিউট অব কন্টেম্পোরারি হিস্ট্রি। ৩ হাজার ৫০০টি ব্যাখ্যা-বিশ্লেষণ সংযুক্ত করা হয়েছে এটিতে।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞের হোতা হিটলারের আত্মজীবনী পুনরায় প্রকাশের উদ্যোগের বিরোধীতায় সরব ইহুদিরা। তাদের মতে ‘নাৎসিবাদী’ কোনো কিছুই আবার প্রকাশ করা উচিৎ হবে না।
হিটলারের আত্মজীবনী ‘মাইন ক্যাম্ফ’ বা আমার সংগ্রাম প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। হিটলার জামার্নির শাসক হওয়ারও ৮ বছর আগে।

