নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ ব্যয় করছে এবং সামর্থ্য থাকলে সব শিক্ষাকেই অবৈতনিক করতেন বলে আক্ষেপ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ ও বই উৎসব ঘোষণার পর প্রধনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সরকার সবচেয়ে বেশি ব্যয় করছে শিক্ষায়। আমাদের সামর্থ্য থাকলে সব শিক্ষাকে অবৈতনিক করে দিতাম। আমরা চাই কোনো শিক্ষার্থী যাতে করে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়।’
তিনি আরো বলেন, ‘প্রথম যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন স্বাক্ষরতা মানে নাম লিখতে পারে এম মানুষের শতকরা হার ছিল মাত্র ৪৫ শতাংশ। আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা চেয়েছি শিক্ষিত জাতি গঠন করতে। তখন আমরা এক কক্ষ বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিন কক্ষে উন্নীত করি। ৬০ হাজার শিক্ষক নিয়োগ দেই। যেখানে অধিকাংশই ছিল মহিলা শিক্ষিকা। যারা নিজের এলাকায় থেকে শিক্ষা প্রদান করতে পারবে।’
আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১ লাখ ৪ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা উপবৃত্তির ব্যবস্থা করেছি। বর্তমানে ১ কোটি ২৮ লাখ শিক্ষার্থী বৃত্তি সুবিধা পাচ্ছে। আমরা প্রাথমিক স্কুল শিক্ষা ট্রাস্ট গঠন করেছি। সেই ফান্ডে আমরা ১ হাজার কোটি টাকার অনুদান দিয়েছি।’

