আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এই শুভেচ্ছা বাণীতে তিনি আগামী বছর পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে একসাথে আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলা করার আহ্বান জানান।
মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সম্পর্ক অনেকটা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের মত থমথমে রূপ ধারণ করে যখন রাশিয়া ইউক্রেনের বিতর্কিত ক্রিমিয়া প্রদেশ নিজেদের অধিকারে নিয়ে নেন এবং পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদেরকে সমর্থন দেয়া শুরু করেন।
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ এই ঘটনায় রাশিয়ার বিপক্ষে অবস্থান নেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশটির অর্থনৈতিক পরিধির উপরে একধরনের সীমানা আরোপ করেন।
ক্রেমলিন গত বুধবার ওবামার প্রতি পুতিনের নতুন বছরের শুভেচ্ছা বার্তাকে উল্লেখ করে বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক অত্যন্ত জরুরি।’ এ বার্তায় পুতিন আরো বলেন, ‘দুই দেশের উচিৎ একত্রে সঙ্কট মোকাবেলা করা।’
দুই দেশের বর্তমান সম্পর্কে যে সামাঞ্জস্য এবং সহযোগিতার অভাব রয়েছে সেটা সিরিয়াতে তাদের যুদ্ধ প্রক্রিয়া দেখেই বোঝা যায়। পুতিনের এই আহবানী বার্তায় এই জাতীয় সমস্যা সমাধানের একটা ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ডিসেম্বর মাসের শুরুতে মস্কো সফর করেন এবং সিরিয়া প্রশ্নে সঙ্কট নিরসনের জন্য পুতিনের সাথে আলোচনা করেন।
উল্লেখ্য, রাশিয়া গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়ে আসছে।

