আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী ব্রাসেলসের নতুন বছরের আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লর্স মাইকেল বলেছেন, হামলা হতে পারে এ রকম তথ্য পাওয়ার পরই তার সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্রাসেলসে থার্টি ফার্স্টের ঐ অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল এমন সন্দেহভাজন দুই ব্যক্তিকে এ সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করেছে পুলিশ। আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের এই অনুষ্ঠান বেলজিয়ামের বহু বছরের ঐতিহ্য। গত বছরের অনুষ্ঠানে ব্রাসেলসে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক লক্ষ মানুষ।
গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে।
বুধবার রাজধানী ব্রাসেলসের মেয়র ইভান মাইওর বলছেন, নববর্ষের আতশবাজি উৎসবে যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব নয়। এছাড়া এত মানুষের জীবনের ঝুঁকি নেয়া সম্ভব নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
গতমাসেই দেশটিতে প্যারিসের মত সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশংকায় চারদিন ধরে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং মেট্রো সিস্টেম বন্ধ করে রাখা হয়েছিল। এছাড়া এ সপ্তাহের গোড়ার দিকে ব্রাসেলসে জঙ্গি হামলার পরিকল্পনা করার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংস্থা জানাচ্ছে, গ্রেপ্তারকৃতরা বর্ষবরণের অনুষ্ঠানসহ বেলজিয়ামের ঐতিহ্যবাহী নানা স্থাপনা এবং পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
প্যারিসে জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক গোয়েন্দাদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেলজিয়াম। সেই হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ এবং জড়িত আরো কয়েকজন বেলজিয়ামের নাগরিক বলে তদন্তে উঠে এসেছে। ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় অধিক সংখ্যক বেলজিয়ামের নাগরিকই এখন ইসলামিক স্টেট বা আইএসের হয়ে যুদ্ধ করছে বলে জানা গেছে।
তবে কেবল বেলজিয়াম নয়,নববর্ষের উদযাপন উপলক্ষে ইউরোপের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার তুর্কি পুলিশ ইসলামিক স্টেটের জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে। তারা আঙ্কারায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে হামলার পরিকল্প করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

