আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিষয়ে আর কোনো গুপ্তচরবৃত্তি করবে না- হোয়াইট হাউসের এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন জনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর যোগাযোগের বিষয়ে গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে দেশটি।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, পরমাণু ইস্যুতে ইরানের সাথে ছয় বিশ্বশক্তির চুক্তির বিরুদ্ধে নেতানিয়াহুর প্রচারণা থামাতে তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।
প্রতিবেদনটিতে জানানো হয়, চুক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভূমিকা রাখতে ইসরায়েলের গোপন প্রচেষ্টা সংক্রান্ত তথ্য ওবামা প্রশাসনের কাছে দেয়া হয়।
এর আগে, সাবেক এনএসএ এজেন্ট এডওয়ার্ড স্নোডেন বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি সংক্রান্ত তথ্য প্রকাশ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করার পর ২০১৪ সালের জানুয়ারিতে ওবামা প্রশাসন ঘোষণা দেয়, তারা আর কোনো বন্ধু রাষ্ট্রের বিষয়ে গোয়েন্দাগিরি করবে না।
তবে এরপরও জাতীয় নিরাপত্তার অযুহাতে বিভিন্ন ব্যক্তির সাথে নেতানিয়াহুর যোগাযোগ বিষয়ে গুপ্তচরবৃত্তি অব্যহত রেখেছে দেশটি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে এ বিষয়ে বলেন, ‘কোনো বৈধ বা নির্দিষ্ট জাতীয় ইস্যু জড়িত না থাকলে আমরা কোনো বিদেশির ওপর নজরদারি করি না। সাধারণ নাগরিক এবং বিশ্বনেতাদের ব্যাপারেও একই নিয়ম কার্যকর।’
এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাসে জানতে চাইলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

