নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ওয়াচার কনস্টেবল ফরহাদ হোসেনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সন্ধ্যায় ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা এনএসআই মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভোটের সময় পক্ষপাতিত্বের জন্য এক রিটার্নিং অফিসারকে ফোন করতে ধমক দেয়ায় ফরহাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জাতীয় গোয়েন্দা সংস্থার এ সদস্যকে পটুয়াখালী জেলা থেকে দ্রুত প্রত্যাহার ও তাকে সাময়িক বরখাস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইসিকে অবহিত করতে হবে।
এর আগে চট্টগ্রামের চন্দনাইশ ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ৫ এসআইকে সাময়িক বরখাস্তের নির্দেশনাও পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠান উপ-সচিব সামসুল আলম। এছাড়া ভোটের আগে দু’জন রিটার্নিং অফিসারসহ সাত জন ওসিকেও প্রত্যাহার করে ইসি।

