নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পলাতক লিয়াকত আলীসহ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ১৪ মার্চ দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য দুই মাসের সময় আবেদন করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া।
পরে ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় আবেদনটি বিবেচনা করেন এবং মামলার পরবর্তী তারিখ আগামী ১৪ মার্চ ধার্য্য করেন।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা, লুটপাট ও আটক করে নির্যাতনের মোট দুটি অভিযোগ রয়েছে।
তবে তদন্ত শেষে লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তারা।
এ মামলায় অন্য আরেক আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের স্বার্থে তার নাম এখনো অপ্রকাশ্য রয়েছে।

