চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে বিদায়ী বছর ২০১৫তে নতুন রেকর্ড গড়েছে। দেশের প্রধান এ সমুদ্রবন্দর গত এক বছরে ২০ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। যা বন্দরের ১২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ২০১৪ সালে যেখানে বছরে ১৭ লাখ ৩১ হাজার ২১৯ ২০ ফুট দীর্ঘ (টিইইউস) কন্টেইনার হ্যান্ডলিং করা গেছে। সেখানে এবছর মোট ২০ ফুট দীর্ঘ (টিইইউস) ২০ লাখ ৮ হাজার ৪৪৫টি কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। এটি বন্দরের জন্য একটি ইতিহাস। এরমাধ্যমে বন্দর ১২৮ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।’
নিজাম উদ্দিন আরো বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ব্যবস্থাপনা ও অত্যাধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের ফলে এ রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে। আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুন মাসে। আগামী দিনেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

