পাঞ্জেরী ডেস্ক : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন। তারওপর, এ নির্বাচনের মাধ্যমেই সাত বছর পর দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক নৌকা আর ধানের শীষ এক ব্যালটে। তাই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। আজ (বুধবার) সকাল ৮টা থেকেই শুরু হয়েছে সারাদেশে ভোটগ্রহণ। শুরুর আগেই চট্টগ্রামে ব্যালটে সিল মারার অভিযোগে স্থগিত করা হয় কয়েকটি কেন্দ্রের ভোট। আবার নানান অনিয়ম, দুর্নীতি ও ভোট ছিনতাইয়ের মতো ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থগিত করা হচ্ছে অনেক কেন্দ্র।
স্টাফ করেসপন্ডেন্ট ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য:
কুমিল্লা: ভোট শুরুর আগে ব্যালটে সিল দেয়ায় কুমিল্লার বরুড়ার লতিফপুর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর সিল দিতে শুরু করে। এ খবর জানার পর আইনশৃঙ্খলাবাহিনী ও কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দেয়। তখন তারা পালিয়ে যায়। পরে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যায়। সেখান থেকে সিল মারা এক হাজার ২শ ব্যালটপেপার উদ্ধার করেন। পরে সেগুলো বাতিল করেন। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
মাদারীপুর: মাদারীপুরে কালকিনির কাষ্ঠগড় ও জোনারদণ্ডি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালটবাক্স পাওয়া গেছে। সেগুলো চেক করার পর জানা গেছে সেখানে আগে থেকেই সিল দেয়া ব্যালটপেপার ঢুকানো ছিল। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ব্যালটসহ বাক্সগুলো জব্দ করে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
বরিশাল: বরিশালের উজিরপুর পৌরসভায় ৯নং ওয়ার্ডের পরমানন্দসাহ নামে একটি ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। পৌরসভা রিটানিং অফিসার ঝুমুর বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে গণ্ডগোল হওয়া কারণে কেন্দ্রতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সকালে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল ইসলাম ভোটা দিতে যান। কিন্তু এ সময় ২শ ব্যালট ছেঁড়া দেখতে পেয়ে রিটানিং অফিসারকে জানালে রিটানিং অফিসার এ ব্যাপারে কোনো সদুত্তোর দিতে পারেননি। এ নিয়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে রিটানিং অফিসার সকাল ৯টার দিকে ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন।
পটুয়াখালী: কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, বুধবার সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই ৮নং ওয়ার্ডের ওই কেন্দ্রে সংঘর্ষ শুরু হলে সকাল ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ময়মনসিংহ: জেলার ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার ভোটগ্রহণ স্থগিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টার্নিং অফিসার কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কেন্দ্রে মেয়র প্রার্থী মেজবাহ উদ্দীন কাইয়ুম ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামস উদ্দিন খানের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। আর এ ঘটনার জের ধরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
নোয়াখালী: কেন্দ্র দখল, ভোটগ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রগুলো হচ্ছে- চৌমুহনী উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানী মাদরাসা, উত্তর হাজির পুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়।
বরগুনা: বুধবার ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মাথায় পৌরসভার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম।
নরসিংদী: ব্যালট পেপার ছিনতাই ও নৌকা প্রতীকের পক্ষে জোরপূর্বক ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে চারটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রগুলো হলো-৪নং কেন্দ্র ফজলুল করিম কিন্ডার গার্টেন, ৫নং কেন্দ্র মাধবদী এসপি ইনস্টিটিউট, ৬নং কেন্দ্র টাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২নং কেন্দ্র মাধবদী পৌরসভা ভবন কেন্দ্র। এর মধ্যে ৪নং কেন্দ্র ফজলুল করিম কিন্ডার গার্টেন ছাড়া বাকি তিনটি কেন্দ্র সাময়িক স্থগিত করা হয়েছে।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে চরকুমিরা কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহফুজুল হক ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জিল হোসেন পাটওয়ারীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রিজাইডিং অফিসার এ সিদ্ধান্ত নেন।

