চট্টগ্রাম প্রতিনিধি : থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সারাদেশের মত বন্দর নগরী চট্টগ্রামে নানা কর্মসূচি হাতে নেয়া হলেও নিরাপত্তার কারণে এবার সব অনুষ্ঠান ছাদের নীচেই সীমাবদ্ধ রাখতে বলেছে পুলিশ। একারণে সন্ধ্যার পর পতেঙ্গা সমুদ্র সৈকতসহ উন্মুক্ত কোনো স্থানেই বর্ষবরণের কোনো অনুষ্ঠান করতে দেবে না পুলিশ। তবে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের আয়োজনে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান পালনে পুলিশি নির্দেশনা মেনে করতে কোনো বাধা নেই বলেও জানিয়েছে পুলিশ।
৩১ ডিসেম্বরের রাতকে উদযাপন করতে প্রতি বছরের মত নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে থাকছে নানা আয়োজন। ক্লাবসহ সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানও নিয়েছে বিভিন্ন কর্মসূচি। তবে বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে সিএমপি থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কড়াকড়ি আরোপ করেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা রেখে এবার থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওইদিন সন্ধ্যার পরে পতেঙ্গা ও কাট্টলী বিচে কাউকে অবস্থান করতে দেয়া হবে না। বিকেল ৫টার পরে পতেঙ্গা বিচের দিকে কোননো গাড়িও প্রবেশ করতে দেয়া হবে না। নগরীর উন্মুক্ত স্থানে কোনো কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না। তবে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানটি ঘর, কমিউনিটি সেন্টার বা হোটেল রেস্তোরাঁয় হলে সেখানে আমাদের আপত্তি নেই। তবে সেক্ষত্রে পুলিশের কিছু নির্দেশনা মেনে চলতে হবে। অনুষ্ঠানে প্রবেশকারীদের দেহ তল্লাশির পাশাপাশি সিসিটিভি স্থাপন, আতশবাজি না ফুটানোসহ বেশ কিছুু নির্দেশনা তাদের দেয়া হয়েছে।’ বিশেষ কোনো কোনো স্থানে পুলিশের অবস্থান থাকবে বলেও জানান দেবদাস ভট্টাচার্য।
এদিকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। হোটেল কর্তৃপক্ষ নানা ধরনের প্যাকেজও দিয়েছে। এছাড়া হোটেল আগ্রাবাদ, হোটেল পেনিনসুলা, হোটেল ওয়েলপার্ক, হোটেল লর্ডস ইন, এশিয়ান এস আর হোটেলসহ প্রায় সবগুলো অভিজাত হোটেলই বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। চিটাগাং ক্লাব লিমিটেড,সিনিয়রস ক্লাব, খুলশী ক্লাব, মেট্রোপলিটন ক্লাবও নানা আয়োজনে থার্টি ফাস্ট নাইট উদযাপন করবে।।
সিএমপি সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর বিকেল থেকেই নগরীতে বাড়তি পুলিশ মোতায়ন করা হবে। চলবে র্যবা পুলিশের টহল ও চেক পোস্ট। পুরো রাতভর রাস্তায় আইন-শৃংখলা রক্ষাকারীবাহিনী। স্কুলের মাঠ, কমিউনিটি সেন্টারের মাঠ বা রাস্তায় জড়ো হয়ে অবস্থান বা সাউন্ড বক্স স্থাপন করে গান-বাজনা করতে দেয়া হবে না। এমনকি হোটেল রেস্টুরেন্টের ভেতর চলা অনুষ্ঠানে কোনো ধরণের আতশবাজি ফুটাতে দেবেনা পুলিশ।

