আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হটিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ শহর রামাদি দখলে নিয়েছে ইরাকি বাহিনী। গত ১৮ মাসের মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর এটিই প্রথম গুরুত্বপূর্ণ বিজয়।
রোববার সুন্নি অধুষ্যিত আনবার প্রদেশের রামাদি শহর দখল করার দাবি করেছে ইরাকি সেনারা। বিবিসি বলছে, ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের পুনর্দখল নিয়েছে তারা। এটিই ছিল আইএস জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি, যেখান থেকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করে আসছিল।
ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেই সরকারি ভবনটির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই রয়েছে। শুধু তাই নয়, সেই ভবনে আইএস সদস্যদের এখন কোনও চিহ্নই নেই বলেও তিনি জানিয়েছেন। তবে আশপাশের ছোট ছোট এলাকাগুলোতে এখনো আইএস লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। গত বেশ কিছুদিন ধরেই রামাদি পুনর্দখলের জন্য লড়াই করে আসছিল সরকারি বাহিনী। বিবিসির বাগদাদ সংবাদদাতা টমাস ফেসি জানিয়েছেন, রামাদি শহর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি এই ভবনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রামাদি দখলের লড়াইয়ে কতজন নিহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ইরাক সরকার বলছে, অভিযান শুরু করার আগেই শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। আনবার প্রদেশের কাউন্সিল সদস্য ফালি আল ইসাবি সরকারের প্রতি দ্রুত শহর পুনর্গঠন ও এর বাসিন্দাদের পুনর্বাসনের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।
বাগদাদ থেকে মাত্র ৫৫ মাইল পশ্চিমে অবস্থিত ফোরাত নদীর তীরবর্তী এই শহরটি গত মে মাসে আইএস দখল করে নিয়েছিল। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর সহায়তা সত্ত্বেও এত বড় পরাজয় নিয়ে বিব্রতকর অবস্থায় পরেছিল ইরাকি সেনাবাহিনী। তখন ইরাকি সেনাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল মার্কিন প্রশাসন।

